বেশকিছু দিন ধরেই জাতীয় দলের বাইরে আছেন টিম ব্রেসনান। এবার সব ধরনের ক্রিকেট থেকে বিদায়ই নিয়ে নিলেন এই সিমিং অলরাউন্ডার। কাউন্টি দল ওয়ারউইকশায়ারের মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে অবসরের বিষয়টি নিশ্চিত করেছেন ব্রেসনান।
২০০৬ সালে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু হয় ব্রেসনানের। এর কয়েক দিন পর একই দলের বিপক্ষে খেলেন প্রথম একদিনের ম্যাচ। এরপর ২০০৯ সালে ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাদা পোশাকের ক্রিকেটে অভিষেক হয় ব্রেসনানের।
ইংল্যান্ডের হয়ে তিন ফরম্যাট মিলিয়ে ১৪২ ম্যাচ খেলেছেন এই ক্রিকেটার। যার মধ্যে ৩৪টি ২০ ওভারের ম্যাচ, ৮৫ ওয়ানডে এবং ২৩ টেস্ট। যেখানে ডানহাতি মিডিয়াম পেস বোলিংয়ে তার ঝুলিতে মোট ২০৫ উইকেট। এছাড়া ব্যাট হাতে ১৬৬২ রান করেছেন ব্রেসনান।
জাতীয় দলের বাইরে থাকলেও কাউন্টিতে ওয়ারউইকশায়ারের হয়ে আরও একটি মৌসুম খেলতে চেয়েচিলেন তিনি। তবে চোটের কারণে সেটা সম্ভব হল না। দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানলেও কোনো আক্ষেপের সুর শোনা যায়নি ৩৬ বছর বয়সী এই ক্রিকেটারর কণ্ঠে। নিজের ক্যারিয়ার নিয়ে গর্ববোধ করছেন টিম ব্রেসনান।
তিনি বলেছেন, আগামী দিনগুলোতে আমি আমার ক্রিকেট ক্যারিয়ারের দিকে গর্বভরে তাকাতে পারবো। ঘরোয়া কাউন্টি, ওয়ারউইকশায়ার এবং জাতীয় দলের হয়ে খেলা আমার জন্য অনেক সম্মানের ছিল। নিজেকে ভাগ্যবান মনে করি। দারুণ কিছু ক্রিকেটারের বিপক্ষে ও পক্ষে খেলার সৌভাগ্য হয়েছে আমার। আমি সেসব উপভোগ করেছি।
আনন্দবাজার/টি এস পি









