এইতো কিছুদিন আগেই শেষ হয়েছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ২০১৯-২০ মৌসুম। ইউরোপ সেরা লিগের ফাইনালের রেশ না কাটতেই বেজে উঠেছে ২০২০-২১ মৌসুমে দামামা। ইতোমধ্যে প্লে অফ শেষে চূড়ান্ত হয়েছে নতুন মৌসুমে কোন ৩২ দল ইউসিএলে খেলবে।
বাংলাদেশ সময় আজ রাত ১০টায় ইউরোপিয়ান ফুটবলের সদর দপ্তরের নির্ধারিত হবে কোন দল গ্রুপ পর্বে কার মুখোমুখি হবে। একই সঙ্গে আজ রাতে লেক জেনেভার সৈকত পাড়ে উয়েফার বর্ষসেরা খেলোয়াড় ও কোচের নাম ঘোষণা করা হবে। এবারে বর্ষসেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে রয়েছেন শিরোপাজয়ী বায়ার্নের গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার ও স্ট্রাইকার রবার্ট লেভানদোভস্কি এবং ম্যানসিটির কেভিন ডি ব্রুইন।
সূচি অনুযায়ী আগামী ২০ অক্টোবর থেকে চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুম শুরু হবে। গ্রুপপর্বের খেলা শেষ হওয়ার পর ফেব্রুয়ারিতে নকআউট পর্ব শুরু হবে। আগামী ২৯ মে তুরস্কের রাজধানী ইস্তানবুলের আতাতুর্ক স্টেডিয়ামে এবারের আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে।
গ্রুপ নির্ধারণের ড্রতে কোন পটে কারা থাকছে :
পট ১: বায়ার্ন মিউনিখ, সেভিয়া, রিয়াল মাদ্রিদ, লিভারপুল, জুভেন্টাস, পিএসজি, সেইন্ট জেনিত পিটার্সবুর্গ, এফসি পোর্তো। পট ২: বার্সেলোনা, ম্যানচেস্টার ইউনাইটেড, বরুশিয়া ডর্টমুন্ড, অ্যাথলেতিকো মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, শাখতার দোনেৎস্ক, চেলসি, আয়াক্স। পট ৩: ইন্টার মিলান, ডায়নামো কিয়েভ, অলিম্পিয়াকোস, লাৎসিও, ক্রাসনোদার, এফসি সলজবুর্গ, আরবি লাইপজিগ, আতালান্তা। পট ৪: মার্শেই, লোকোমোতিভ মস্কো, ক্লাব ব্রুগ, ইস্তানবুল বাসাকসেহির, এফসি মিডজিল্যান্ড, স্টাতে রেনেস, বরুশিয়া মনশেনগ্লাদবাখ, ফেরেঙ্কভারোস।
আনন্দবাজার/এম.কে









