দীর্ঘ বিরতির বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ‘প্রেসিডেন্টস কাপ’ দিয়েই প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। এরপর নভেম্বরে ছেলেদের নিয়ে ‘বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ’ আয়োজন করতে যাচ্ছে দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। ছেলেদের পাশাপাশি এবার মেয়েদেরও প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরাতে টুর্নামেন্ট আয়োজনের কথা ভাবছে বিসিবি।
সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরেই মাঠে গড়াবে নারীদের টুর্নামেন্টটি। তবে নারীদের এই টুর্নামেন্ট কোন ফরম্যাটে আয়োজন করা হবে এই বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি বিসিবি।
ক্রিকেট বোর্ডের উইমেন্স উইংয়ের সভাপতি শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, আমরা নারী ক্রিকেটারদের নিয়ে আগামী ডিসেম্বরে একটি টুর্নামেন্ট আয়োজন করবো। কোন ফরম্যাটে খেলা হবে সেটা এখনও চূড়ান্ত হয়নি। তবে এটা দিয়েই আমরা নারী ক্রিকেট মাঠে ফেরাতে চাই।
তিনি বলেন, আপাতত বিভাগীয় দলগুলো নিয়ে এই টুর্নামেন্ট আয়োজন করার কথা ভাবছে বিসিবি। যেহেতু ক্লাবগুলো তৈরি নয়, আমরা সম্ভবত ডিভিশনাল দলগুলো নিয়েই এই টুর্নামেন্ট আয়োজন করবো।
আনন্দবাজার/এম.কে









