পাকিস্তান সুপার লিগের (পিএসএল) একাদশ আসরে অংশ নিতে দেশ ছেড়েছেন বাংলাদেশের চার ক্রিকেটার।
আজ সোমবার (২৩ মার্চ) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাকিস্তানের উদ্দেশে রওনা হন মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, পারভেজ হোসেন ইমন ও নাহিদ রানা।
বিসিবি সূত্রে জানা গেছে, দলের বাকি দুই সদস্য রিশাদ হোসেন ও তানজিদ হাসান তামিম পরবর্তী ধাপে দেশ ছাড়বেন।
আগামী ২৬ মার্চ থেকে শুরু হতে যাওয়া এবারের পিএসএলে রেকর্ড সংখ্যক মোট ৬ জন বাংলাদেশি ক্রিকেটার দল পেয়েছেন। সরাসরি চুক্তিতে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে আগেভাগেই দলে ভিড়িয়েছিল লাহোর কালান্দার্স।
পরবর্তীতে ড্রাফট ও নিলামের মাধ্যমে দল নিশ্চিত করেন পারভেজ ইমন, রিশাদ হোসেন ও নাহিদ রানা। শেষ মুহূর্তে প্রথমবারের মতো এই ফ্র্যাঞ্চাইজি লিগটিতে ডাক পান শরিফুল ইসলাম ও তানজিদ তামিম।
এবারের আসরে পাকিস্তানি ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে বাংলাদেশি ক্রিকেটারদের বড় একটি অংশ দেখা যাবে পেশোয়ার জালমিতে। এই দলে নাহিদ রানার সঙ্গী হিসেবে থাকছেন শরিফুল ও তানজিদ তামিম।
অন্যদিকে লাহোর কালান্দার্সের জার্সিতে মুস্তাফিজের সঙ্গে মাঠ মাতাবেন পারভেজ ইমন। আর লেগ স্পিনার রিশাদ হোসেনকে দেখা যাবে রাওয়ালপিন্ডির (পিন্ডিজ) ডেরায়।









