সোসিয়েদাদকে ২-১ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে রিয়াল মাদ্রিদ। যদিও রোববার রাতের ম্যাচের ফলাফল হওয়া উচিৎ ছিল ২-২। মাদ্রিদের সমান গোল করেছিল সোসিয়েদাদও। তবে বিতর্কিত সিদ্ধান্তে সোসিয়েদাদের প্রথম গোলটি বাতিল করে দেওয়ায় জয় পায় রিয়াল মাদ্রিদ।
বল দখলের লড়াইয়ে মাদ্রিদ ছিল প্রায় সমানে সমান। স্বাগতিক হওয়ার সুবিধা কাজে লাগিয়ে বারবার আক্রমণে উঠেছে সোসিয়েদাদ। কিন্তু লক্ষ্যে রাখতে পেরেছিল মাত্র দুইটি শট। যার একটিতে গোল পেলেও অন্যটি বাতিল করে দেন রেফারি।
ম্যাচের প্রথমার্ধে গোল করতে পারেনি কোন দলই। বিরতির পর ব্রাজিলিয়ান তরুণ ভিনিসিয়াসের সৌজন্যেই এগিয়ে যায় রিয়াল। ডি-বক্সের মধ্যে তাকে ফাউল করেন আরেক ব্রাজিলিয়ান ডিয়েগো লরেন্তে। পেনালতির বাঁশি বাজান রেফারি। সফল স্পটকিক থেকে দলকে এগিয়ে দেন অধিনায়ক সার্জিও রামোস।
দ্বিতীয় গোল পেতে তাদের অপেক্ষা করতে হয় ৭০ মিনিট পর্যন্ত। চলতি লিগে নিজের ১৭তম গোলটি করেন বেনজেমা।
ম্যাচের ৬৭ মিনিটের সময় লং রেঞ্জ শটে রিয়াল গোলরক্ষক থিবো কর্তোয়াকে পরাস্ত করেন আদনান ইয়ানুজাই। তবে ডি-বক্সের ভেতরে মিকেল মেরিনো তখন অফসাইড। বলে কোন ছোঁয়া না লাগলেও বাঁশি বাজান রেফারি, বাতিল হয় গোল। এই বিতর্কিত অফসাইডের কারণেই অবশেষে ১-২ গোলের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।
লিগের ৩০ ম্যাচ শেষে রিয়াল ও বার্সার এখন সমান ৬৫ পয়েন্ট। কিন্তু মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় এখন শীর্ষস্থানে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ।
আনন্দবাজার/টি এস পি









