বুয়েনস আইরেসে অবস্থিত প্রেসিডেন্টের কার্যালয় কাসা রোসাদায় ফুটবল ঈশ্বর ম্যারাডোনার মরদেহ নেওয়া হয়েছে। সেখানে মরদেহ রাখা হবে তিন দিনের জন্য। এই তিন দিন সেখানেই ফুটবল জাদুকরকে শ্রদ্ধা জানাবে ফুটবলপ্রেমীরা।
এ খবর জানিয়েছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম বুয়েনস আইরেস টাইমস-এর এক প্রতিবেদন।
প্রতিবেদনে বলা হয়েছে, কাসা রোসাদায় ম্যারাডোনার মরদেহ রাখার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এছাড়া করোনাভাইরাস মহামারী শুরুর পর থেকে ব্যবহার না করা ভবনের বিভিন্ন জিনিসপত্র বের করে নিয়ে আসা হয়েছে। এর আগে গতকাল বুধবার সন্ধ্যায় বুয়েনস আইরেসের তিগ্রেতে অবস্থিত নিজ বাসভবন থেকে ময়নাতদন্তের জন্য সান ফার্নান্দোর একটি মর্গে নিয়ে যাওয়া হয় ম্যারাডোনার মরদেহ।
গতকাল বুধবার হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মারা যান ম্যারাডোনা। নিজের ৬০তম জন্মদিনের পর থেকে অসুস্থ ছিলেন তিনি। ভর্তি ছিলেন হাসপাতালে। মস্তিষ্কে জমাট বেঁধে থাকা রক্তও অপসারণ করা হয়েছিলো তার।
চিকিৎসার পর ১১ নভেম্বর বাড়ি ফেরেন তিনি। ম্যারাডোনার ব্যক্তিগত চিকিৎসকরা আশ্বস্ত করেছিলেন যে, সেরে উঠবেন দ্রুত। তবে বিশ্বে ছড়িয়ে থাকা কোটি ভক্তকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান তিনি।
আনন্দবাজার/টি এস পি









