লা লিগা এসপানিওলকে হারিয়ে রিয়ালের সাথে ব্যবধান খানিকটা কমিয়ে এনেছিল বার্সেলোনা। তবে একের পর এক জয়ে শিরোপার সুবাস পেতে শুরু করেছে রিয়াল মাদ্রিদ। শুক্রবার রাতে দেপোর্তিভো আলাভেসকে ২–০ গোলে হারিয়ে টাইটেলের আরও কাছে পৌঁছে গেছে জিনেদিন জিদানের দল।
নিজেদের মাঠে সান্তিয়াগো বার্নাব্যুতে বল দখল আর আক্রমণে অনেকটাই এগিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। অপরদিকে পাল্টা আক্রমণে ভয়ংকর হয়ে উঠেছিল আলাভেসও। যদিও প্রথমার্ধের ১১তম মিনিটেই গোলের দেখা পায় স্প্যানিশ জায়ান্টরা। করিম বেনজেমার পেনাল্টি থেকে ১–০ গোলে এগিয়ে যায় স্বাগতিকেরা।
দ্বিতীয়ার্ধের পঞ্চম তম মিনিটে ব্যবধান বাড়ায় টেবিলের শীর্ষে থাকা রিয়াল। মার্কো অ্যাসেনসিওর গোলে লিড দ্বিগুণ করে জিদান শিষ্যরা। এর মিনিট দশেক পর ব্যবধান কমানোর সুযোগ পেয়ে ছিল আলাভেস। তবে সফরকারীদের রুখে দেন রিয়াল গোলরক্ষক কোর্তোয়া।
এ জয়ে ৩৫ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে রিয়াল। সমান ম্যাচ খেলে পয়েন্ট ৭৬ নিয়ে দুইয়ে আছে বার্সেলোনার। এ জয়ের মধ্যদিয়ে চলতি মৌসুমে লা লিগা শিরোপার খুব কাছেই পৌঁছে গেল রিয়াল মাদ্রিদ।
আনন্দবাজার/এম.কে









