হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি এবং আধুনিক ওয়ানডে ক্রিকেটের অন্যতম রূপকার ডিন জোন্স। মৃত্যুকালে এই কিংবদন্তির বয়স হয়েছিল ৫৯ বছর।
আজ সকালে ব্রেকফাস্ট শেষে সম্প্রচার কর্মীদের সঙ্গে হোটেলের করিডোরে আলাপ করছিলেন জোন্স। এসময় হঠাৎ করে ঢলে পড়েন তিনি। তাৎক্ষণিকভাবে তাকে মুম্বাইয়ে শহরের হারকিসান্দাস হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ডিন জোন্স স্টার স্পোর্টস ইন্ডিয়ার আইপিএলের ধারাভাষ্যকারদের দলে যুক্ত ছিলেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করে বিবৃতি দিয়েছে স্টার স্পোর্টস।
তারা লিখেছে, অতি দুঃখের সঙ্গে আমরা ডিন জোন্সের মৃত্যুর খবর জানাচ্ছি। তিনি আকস্মিক হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেন। আমরা তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।
জোন্স অস্ট্রেলিয়ার হয়ে ১৯৮৪ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত ১৬৪টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। ৭ সেঞ্চুরি সঙ্গে ৪৬ ফিফটিসহ প্রায় ৪৫ গড়ে ৬০৬৮ রান করেছেন। এছাড়াও ৫২টি টেস্টে খেলে প্রায় ৪৭ গড়ে তার সংগ্রহ ৩৬৩১ রান।
আনন্দবাজার/এম.কে









