চট্টগ্রামের মাটিতে একমাত্র টেস্টে আফগানদের কাছে ধবল ধোলাই হয়েছে টাইগাররা। এবার ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী আফগানিস্তানের মুখোমুখি হবে আত্মবিশ্বাসী বাংলাদেশ।
নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ৩ উইকেটের জয় পেয়েছে সাকিব বাহিনী। তাই আত্মবিশ্বাস নিয়েই আজ আফগানদের বিপক্ষে খেলতে নামবে টাইগাররা। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হবে ম্যাচটি।
আফগান জুজু কি কাটবে আজ? সাদা পোশাকের চেয়ে রঙিন পোশাকে আফগান স্পিনাররা আরও বেশি ভয়ঙ্কর। বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার পরিসংখ্যান দেখলেই বিষয়টি স্পষ্ট হয়ে যায়। দুই দলের চার মুখোমুখি লড়াইতে আফগানিস্তান এগিয়ে ৩-১ ব্যবধানে।
দেরাদুনে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে স্রেফ উড়িয়ে দিয়েছিল আফগানিস্তান। তাদের স্পিন আক্রমণের মুখে কোনঠাসা হয়ে পড়ে ব্যাটসম্যানরা। তবে জিম্বাবুয়েকে হারিয়ে হারের বৃত্ত ভাঙা সাকিবরা আফগানিস্তানের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আশাবাদী। বিশেষ করে গত ম্যাচের জয়টি দলকে মানসিক ভাবে চাঙ্গা করেছে, বাড়িয়ে দিয়েছে আত্মবিশ্বাস।
সাকিবের কথাতেই তা স্পষ্ট হয়ে উঠলো আরও, ‘এই জয় থেকে আমরা আত্মবিশ্বাস ফিরে পেলাম। কঠিন সময়ের মাঝে এমন জয় স্বস্তির বটে। আশা করি, জয়ের ধারাবাহিকতা পরের ম্যাচে কঠিন প্রতিপক্ষের বিপক্ষে অব্যাহত থাকবে।’
জয়ে ফেরার পরও বাংলাদেশের দুশ্চিন্তা হয়ে দাঁড়িয়েছে টপঅর্ডারের ব্যাটিং। এই পজিশনে গত কিছুদিন ধরেই সাফল্য আসছে না। আগের ম্যাচে সৌম্য, লিটন, সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহরা ব্যর্থ হচ্ছেন। সেই ব্যর্থতা দলের ওপরও প্রভাব ফেলছে। আফগানিস্তানের বিপক্ষে আগের ম্যাচের পুনরাবৃত্তি হলে কঠিন পরিস্থিতিতে পড়তে হবে স্বাগতিকদের।









