মহামারী করোনাভাইরাসের কারণে চলতি বছর বিশ্বব্যপী ক্লাব ফুটবলে মোট ক্ষতির পরিমান ১৪০০ কোটি ডলারে দাঁড়াতে পারে। যা মোট আয়ের প্রায় এক তৃতীয়াংশ।
মহামারীর তাণ্ডব মোকাবেলায় ফিফা যে কমিটি গঠন করেছে তার প্রধান অল্লি রেনের উদ্বৃতি দিয়ে আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) এই তথ্য দিয়েছে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স।
রেন বলেন, আর্থিক পরামর্শদাতাদের সঙ্গে মিলে ফিফা হিসাব করে দেখেছে যে, বিশ্বব্যাপী ক্লাব ফুটবলে আয়ের পরিমাণ প্রতি বছর চার হাজার থেকে সাড়ে চার হাজার কোটি ডলার।
তবে বর্তমান চিত্রের ওপর ভিত্তি করে সেখানে এক হাজার ৪০০ কোটি ডলার ক্ষতির হিসাব করা হয়েছে। অন্যথায় ক্ষতির পরিমাণ আরও বড় হতে পারতো বলে ধারণা করা হয়েছে বলে জনানা তিনি।
তিনি বলেন, করোনাভাইরাস ফুটবলে প্রচণ্ড আঘাত হেনেছে। বিভিন্ন পর্যায়ের ফুটবলে এটা বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। এছাড়াও কিছু পেশাদার ক্লাব গুরুতর সমস্যার মুখে পড়েছে।
এদিকে, আঘাত কিছুটা পুষিয়ে নিতে আগেই ১৫০ কোটি ডলারের আর্থিক বরাদ্দের ঘোষণা দিয়েছে ফিফা।
আনন্দবাজার/এম.কে









