এক বছরের জন্য চুক্তিতে ম্যানচেস্টার ইউনাইটেডে পারি জমিয়েছেন উরুগুয়ান স্ট্রাইকার এডিনসন কাভানি। ৩৩ বছর বয়সী প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) সাবেক তারকার সঙ্গে চুক্তিতে আরও ১২ মাস তথা এক বছরের অপশন রাখা হয়েছে।
১১ মিলিয়ন ইউরোতে কাভানি ওল্ড ট্র্যাফোর্ডে মৌসুম পার করবেন। এছাড়াও বোনাস এবং অন্যান্য বিষয় মিলিয়ে আরো ৬ মিলিয়ন ইউরো আয়ের পথ খোলা আছে এই ফুটবলারের জন্য।
কাভানি বলেছেন, ম্যানচেস্টার ইউনাইটেড বিশ্বের অন্যতম সেরা ক্লাব। আমার জন্য এটাে বড় সম্মানের। পিএসজি ছাড়ার পর আমি অনেক পরিশ্রম করেছি। ওল্ড ট্র্যাফোর্ডের হয়ে প্রতিদ্বন্দ্বিতায় নামার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।
তিনি বলেন, ক্যারিয়ারে আমি অনেক আবেগপ্রবণ ও ফুটবল পাগল সমর্থকদের সামনে খেলেছি। আমি মনে করি, ম্যানচেস্টারেও বিষয়টি একই হবে। ইতোমধ্যে ম্যানেজারের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি আমাকে সুন্দর এই জার্সি পরার আকাঙ্ক্ষাকে আরো বাড়িয়ে দিয়েছে।
আনন্দবাজার/এম.কে









