সাফ অ-২০ টুর্নামেন্টে নেপালকে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। আজ মালদ্বীপের মালে স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ১-০ গোলে নেপালকে হারায়। ম্যাচের একমাত্র জয়সূচক গোলটি করেন মানিক।
বাংলাদেশের ফাইনালের প্রতিপক্ষ নির্ধারণ হবে আজ রাতে ভারত ও ভুটানের ম্যাচের পর।
সেমিফাইনালে বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণ। প্রথম থেকেই অনেক আক্রমণ হচ্ছিল। গোল পেতে দশ মিনিটের বেশি অপেক্ষা করতে হয়নি। মোর্শেদের চিপ থেকে বক্সে লাফিয়ে হেড করেন মানিক। এতে মালে স্টেডিয়ামের গ্যালারী গোল উৎসবে মাতে। মালে স্টেডিয়ামে বাংলাদেশি প্রবাসী দর্শক রয়েছেন অনেকে।
পরের মিনিটে বাংলাদেশ আবার নেপালের জালে বল পাঠায়। আমেরিকান প্রবাসী রোনান সুলিভান দারুণ দক্ষতায় বলের নিয়ন্ত্রণ নিয়ে গোলরক্ষককে কাটিয়ে বল জালে পাঠান। তিনি যখন বল রিসিভ করেন তখন নেপালের ডিফেন্ডারের চেয়ে এগিয়ে ছিলেন। সহকারী রেফারি অফ সাইডের পতাকা তোলেন। বাংলাদেশের ডাগ আউট থেকে এটার প্রতিবাদ হয়েছে ব্যাপকভাবে। তাতে ১-০ গোলের লিড নিয়ে বাংলাদেশ ড্রেসিংরুমে ফেরে।









