সম্প্রতি আবারও বিয়ে করলেন বাংলাদেশ জাতীয় দলের এই ক্রিকেটার মোসাদ্দেক হোসেন। ময়মনসিংহে শুক্রবার পারিবারিকভাবে ঘরোয়া পরিবেশে সম্পন্ন হয়েছে তার বিয়ের অনুষ্ঠানিকতা। তার স্ত্রীর নাম উম্মে তামান্না, বাড়ি ময়মনসিংহ শহরের তালতলা এলাকায়।
বিয়ের খবর নিশ্চিত করে মোসাদ্দেক বলেন, করোনায় বর্তমান পরিস্থিতির কারণে সীমিত আকারে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে। সবকিছু ঠিক হলে পরবর্তীতে সবাইকে নিয়ে বড় অনুষ্ঠানের আয়োজন করা হবে।
ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে শনিবার রাতে স্ত্রীর সাথে ছবি দিয়ে ২৪ বছর বয়সী মোসাদ্দেক লিখেছেন, “জীবনের নতুন যাত্রা শুরু করছি। আমাদের জন্য দোয়া করবেন।”
জানা গেছে, এর আগে ২০১২ সালে মোসাদ্দেক বিয়ে করেছিলেন তার খালাতো বোন সামিরা শারমিনকে। কিন্তু পরবর্তীতে তাদের মধ্যে বনিবনা না হওয়ার খবর প্রকাশ্যে আসে। এমনকি ২০১৮ সালে মোসাদ্দেক এবং তার মায়ের বিরুদ্ধে মামলা করেন সামিরা। তার অভিযোগ ছিল, ১০ লাখ টাকা যৌতুকের দাবিতে নির্যাতন করে বাড়ি থেকে তাকে তাড়িয়ে দিয়েছেন মোসাদ্দেক।
কিন্তু এই ব্যাপারে মোসাদ্দেক তখন বলেছিলেন, বিয়ের পর থেকেই তাকে পরিবার ছেড়ে তাকে আলাদা সংসার করার জন্য চাপ দিচ্ছিলেন সামিরা। এই নিয়ে তার মায়ের সাথে ঝগড়া করায় এবং গায়ে হাত তোলায় স্ত্রীকে ডিভোর্স দিয়েছেন তিনি।
আনন্দবাজার/এইচ এস কে









