নভেল করোনাভাইরাসের সতর্কতা মেনেই চলতি মাসের ১১ তারিখ থেকে শুরু হবে স্প্যানিশ লা লিগা। করোনার কারণে মাঠে থাকবেনা কোনো দর্শক। তবে লা লিগার সবগুলো ম্যাচেই থাকবে ভার্চুয়াল দর্শক। মিডিয়াপ্রো থ্রিডি টেকনোলজি ব্যবহারের মাধ্যমে খালি গ্যালারিগুলো ভার্চুয়াল ছবি এবং শব্দ দিয়ে বাস্তবিক একটা রূপ দেয়া হবে।
জানা যায়, লা লিগার ম্যাচগুলো টিভিতে দেখানোর সময় বেশিরভাগ সময়ই দেখানো হবে মূল ক্যামেরায়, যেখানে থাকবে না কোন ভার্চুয়াল প্রভাব। পিচসাইড ক্যামেরার মাধ্যমে রেকর্ড করা হবে ভার্চুয়াল দর্শকসহ সকল ছবি এবং শব্দ। ভার্চুয়াল দর্শকদের শব্দ ব্যবহারের ক্ষেত্রে ফিফা-২০ ভিডিও গেম থেকে নেয়া হবে এসব আওয়াজ। এছাড়া নির্দিষ্ট স্টেডিয়ামে হওয়া আগের ম্যাচগুলো থেকেও নেয়া হবে দর্শকদের আওয়াজ।
আরও জানা যায়, টিভির দর্শকরা কোনভাবে ম্যাচ দেখবেন অর্থাৎ ভার্চুয়াল দর্শকসহ নাকি পুরোপুরি দর্শকশূন্য গ্যালারির, সেটি তারা নিজেরাই ঠিক করতে পারবেন। টিভি ব্রডকাস্টাররা একসঙ্গে দুইটি অপশনই খোলা রাখবেন। এজন্য প্রতিটি স্টেডিয়ামে প্রয়োজনীয় টেকনোলজি স্থাপনের ব্যাপারে রাজি হয়েছে সবগুলো ক্লাব।
করোনা পরবর্তী সময়ে ফুটবলকে মাঠে ফেরাতে দুই রাউন্ডের সূচি প্রকাশ করেছে লা লিগা কর্তৃপক্ষ। যা চলবে ১১ জুন থেকে ১৮ জুন পর্যন্ত। সব দলের জন্যই রাখা হয়েছে দুইটি করে ম্যাচ। পরের ম্যাচগুলোরও তারিখ চূড়ান্ত হলেও সময় জানা যায়নি এখনও।
আনন্দবাজার/টি এস পি









