আন্তর্জাতিক প্রীতি ম্যাচে শক্তিশালী ভিয়েতনামের বিপক্ষে শুরু থেকেই চাপে রয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। স্বাগতিকদের আক্রমণ সামাল দিতে হিমশিম খাচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা। প্রথমার্ধে একচ্ছত্র আধিপত্য দেখিয়ে ইতোমধ্যেই তিন গোল আদায় করে নিয়েছে ভিয়েতনাম।
বৃহস্পতিবার সন্ধ্যায় ভিয়েতনামের হ্যাং ডে স্টেডিয়ামে শুরু হয় দুই দলের এই প্রীতি ম্যাচ। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্বাগতিকরা, আর তার ফলও দ্রুত পেয়ে যায় তারা।
ম্যাচের মাত্র ৮ মিনিটে প্রথম গোলের দেখা পায় ভিয়েতনাম। একটি সেট পিস থেকে সতীর্থের দেওয়া বল পেয়ে জালে পাঠান তুয়ান হাই, এতে এগিয়ে যায় স্বাগতিক দল।
এরপরও আক্রমণের ধার অব্যাহত রাখে ভিয়েতনাম। ১৮তম মিনিটে আরেকটি সেট পিস থেকে দ্বিতীয় গোলটি আদায় করে নেয় তারা। গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণকে পরাস্ত করে বল জালে জড়ান দো দুই মাহন।
প্রথমার্ধের শেষদিকে আবারও বিপদে পড়ে বাংলাদেশ। ম্যাচের ৩৮ মিনিটে এনগুয়েইন হাই লং বল নিয়ে বক্সে ঢুকে দুই ডিফেন্ডারকে কাটিয়ে ডান দিক থেকে নিচু শটে গোল করেন। এতে বিরতির আগেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় ভিয়েতনাম।
এই ম্যাচে ইংল্যান্ডে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরীসহ পাঁচজন প্রবাসী ফুটবলার নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ দল। হামজা ছাড়াও একাদশে জায়গা পাওয়া অন্য প্রবাসী ফুটবলাররা হলেন শমিত সোম, জায়ান আহমেদ, তারিক কাজী ও ফাহমিদুল ইসলাম।









