সাকিব আল হাসান দীর্ঘদিন আইসিসি র্যাংকিংয়ে অলরাউন্ডারের শীর্ষস্থানটি দখল করে রেখেছিলেন। সম্প্রতি তিনি শতাব্দীর দ্বিতীয় সেরা মূল্যবান খেলোয়াড় হয়েছেন। বাংলাদেশের সাকিব আল হাসান এবার জায়গা করে নিয়েছেন ওয়ানডেতে বিশ্বের সর্বকালের সেরা পাঁচ অলরাউন্ডারের তালিকায়।
মূলত পাঁচ হাজারের বেশি রানের সঙ্গে ২৫০টিরও বেশি উইকেট নিয়েছেন এমন সেরা অলরাউন্ডার পাঁচজন যেখানে রয়েছেন বাংলাদেশি আইকন সাকিবও।
ক্রিকইনফোর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সেরা পাঁচ অলরাউন্ডারে শীর্ষে রয়েছেন শ্রীলঙ্কার আইকন সনাৎ জয়সুরিয়া। তিনি ৪৪৫টি ওয়ানডে খেলে ১৩ হাজার ৪৩০ রান সংগ্রহ করেছেন। আর ৩২৩টি উইকেট নিয়েছেন।
দ্বিতীয় সেরা অলরাউন্ডার হলেন সাবেক প্রোটিয়া তারকা জ্যাক ক্যালিস। দক্ষিণ আফ্রিকার জার্সি গায়ে খেলেছেন ৩২৮টি ওয়ানডে। তার মোট রান ১১ হাজার ৫৭৯। উইকেট নিয়েছেন ২৭৩টি।
সেরা পাঁচের তালিকায় দুইজন পাকিস্তানি রয়েছেন। তারা হলেন সাবেক পাক অধিনায়ক বুমবুম শহীদ আফ্রিদি এবং মিডিয়াম পেসার আবদুল রাজ্জাক। ৩৯৮ ওয়ানডে খেলে ৮ হাজার ৬৪ রান করেছেন আফ্রিদি। আফ্রিদির ঝুলিতে জমা ৩৯৫টি উইকেট। আর আবদুল রাজ্জাক ২৬৫টি ওয়ানডে খেলে রান করেছেন ৫ হাজার ৮০। আর উইকেট নিয়েছেন ২৬৯টি।
উপরোক্ত চারজনের কেওই এখন আর খেলেন না। তবে বাংলাদেশের সাকিব আল হাসান এই তালিকায় একমাত্র অলরাউন্ডার যে এখনও অবসরে যায়নি। এখনও পর্যন্ত ২০৬টি ওয়ানডে খেলে সাকিব সংগ্রহ করেছেন ৬ হাজার ৩২৩ রান এবং উইকেট নিয়েছেন ২৬০টি।
আনন্দবাজার/এস.কে









