আফ্রিকা মহাদেশে ক্রিকেটের প্রসার ও জনপ্রিয়তা বাড়াতে এশিয়া কাপের আদলে একটি নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা নিয়েছে আফ্রিকা ক্রিকেট অ্যাসোসিয়েশন (এসিএ)। ২০২৭ সালের মধ্যেই আসরটি মাঠে গড়ানোর সম্ভাবনা রয়েছে বলে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ আফ্রিকান ক্রিকেটে নতুন দিগন্ত উন্মোচন করবে এবং শীর্ষ দলগুলোর মধ্যে প্রতিযোগিতা বাড়াবে।
ইএসপিএনক্রিকইনফোর এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিকভাবে ছয়টি দল নিয়ে টুর্নামেন্টটি আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে। দক্ষিণ আফ্রিকার পাশাপাশি জিম্বাবুয়ে ও নামিবিয়ার মতো শক্তিশালী দলগুলোকে অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে। বিশেষ করে দক্ষিণ আফ্রিকার অংশগ্রহণকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, কারণ তাদের উপস্থিতি টুর্নামেন্টের মান ও বাণিজ্যিক আকর্ষণ বাড়াবে। তবে এখনো সময়সূচি ও ভেন্যু নির্ধারণে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
টুর্নামেন্ট আয়োজনের বিষয়ে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) ইতিবাচক মনোভাব দেখালেও এখনই কোনো চূড়ান্ত প্রতিশ্রুতি দেয়নি। সংস্থাটি জানিয়েছে, আইসিসির ফিউচার ট্যুরস প্রোগ্রাম (এফটিপি) চূড়ান্ত হওয়ার পরই তারা সিদ্ধান্ত নেবে। বর্তমান এফটিপির মেয়াদ ২০২৭ সালের ফেব্রুয়ারিতে শেষ হওয়ার কথা, ফলে নতুন সূচির ওপরই টুর্নামেন্টের ভবিষ্যৎ নির্ভর করছে। এসিএ আশা করছে, সংশ্লিষ্ট দেশগুলোর বোর্ডের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে একটি কার্যকর সূচি নির্ধারণ সম্ভব হবে।
এ উদ্যোগ এমন সময়ে এসেছে, যখন ইউরোপে এ ধরনের পরিকল্পনা বাস্তবায়নে সাফল্য মিলছে না। ব্যস্ত আন্তর্জাতিক সূচির কারণ দেখিয়ে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এশিয়া কাপের আদলে কোনো টুর্নামেন্টে অংশ নিতে অনীহা জানিয়েছে।
অন্যদিকে, আফ্রিকার ক্রিকেট বোর্ডগুলোর সম্মিলিত এই পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছে আইসিসি। টুর্নামেন্টটি সফল হলে ভবিষ্যতে আফ্রিকা থেকে আরও মানসম্পন্ন ক্রিকেটার আন্তর্জাতিক অঙ্গনে উঠে আসবে বলে ধারণা করা হচ্ছে।









