অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের শিরোপা জয়ের স্মৃতি বাংলাদেশের ক্রিকেটে ২০২০ সালের সবচেয়ে মধুর স্মৃতি। যুব টাইগাররা দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত এই বিশ্বকাপে পচেস্টফ্রুমে ঘাঁটি করেছিল। মজার বিষয় হলো, বিশ্বকাপজয়ী স্পেন দল ১০ বছর আগে ঠিক সেখানেই ঘাঁটি করেছিল।
সম্প্রতি ক্রিকেটবিষয়ক এক ওয়েবসাইটের সঙ্গে লাইভ আড্ডায় এসব তথ্য তুলে ধরেন যুব বিশ্বকাপজয়ী দলের সদস্য রাকিবুল হাসান ও শাহাদাত হোসেন দিপু। তারা বলেন, নিজেদের প্রস্তুত করতে অনূর্ধ্ব-১৯ দল পচেস্টফ্রুমের যে স্পোর্টস কমপ্লেক্সে উঠেছিল সেই একই জায়গায় স্পেন ফুটবল বিশ্বকাপ খেলতে এসে নিজেদের ক্যাম্প করেছিল।
বিষয়টি অবশ্য আগে থেকে কেউই জানতেন না। এ বিষয়ে দিপু জানান, আমরা যেদিন ওখানে প্রথম মিটিং রুমে গেলাম তখন আমাদের স্যার বলেন এটা কিন্তু চ্যাম্পিয়নদের মিটিং রুম। আমাদেরও চ্যাম্পিয়ন হতে হবে।
একই দলের সদস্য রাকিবুল জানান, আমরা যখন ওখানে যাই ওদের (স্পেনের) মিটিং রুমটা আমাদের মিটিং রুম ছিল। আমাদের বেশিরভাগ খেলাই পচেস্টফ্রুমে ছিল। তাই আমরা ওখানেই ছিলাম পুরো টুর্নামেন্ট।
আনন্দবাজার/এস.কে









