দীর্ঘদিন পরে অবশেষে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে হঠাৎ কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে বাদ দেওয়ার ঘটনায় মুখ খুলেছেন আইপিএল চেয়ারম্যান অরুন সিং ধুমাল। তিনি এ ঘটনার বিষয়ে বলেছেন, এটি সত্যিই ‘দুর্ভাগ্যজনক’।
২০২৬ সালের আইপিএল মৌসুমের আগে মোস্তাফিজকে দলে নেওয়া হয়েছিল ৯ কোটি ২০ লাখ রুপিতে। কিন্তু পরে বিভিন্ন কারণে, বিশেষ করে ভারতীয় উগ্র হিন্দুত্ববাদীদের হুমকির প্রেক্ষাপটে, তাকে দল থেকে বাদ দেওয়া হয়। এই সিদ্ধান্তের পর ভক্ত ও বিশেষজ্ঞদের মধ্যে ব্যাপক সমালোচনা ও বিতর্ক তৈরি হয়।
ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ধুমাল বলছিলেন, আমি শুধু এটুকুই বলতে চাই, এটি দুর্ভাগ্যজনক। এর বাইরে আমার বিশেষ কোনো তথ্য নেই।
ঘটনাটি শুধু আইপিএলে সীমাবদ্ধ থাকেনি। পরবর্তী সময়ে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার ঘটনাও আলোচনার জন্ম দেয়। অনেকেই মনে করেছেন, উচ্চপ্রোফাইল টুর্নামেন্টে কখনো কখনো বাইরের প্রভাবও সিদ্ধান্তে ভূমিকা রাখতে পারে।
এ প্রসঙ্গে ধুমাল বলছিলেন, যেভাবে এই ধরনের ঘটনা ঘটে, তা সত্যিই দুর্ভাগ্যজনক। তবে আমি মনে করি না, সরকার ক্রিকেটের দৈনন্দিন কার্যক্রমে কোনো প্রভাব বা আগ্রহ রাখে। সরকার সামগ্রিকভাবে ক্রিকেটকে সমর্থন করে।
অপরদিকে, কলকাতা নাইট রাইডার্স জানিয়েছে, মোস্তাফিজকে দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত তাদের নিজস্ব ছিল না, বরং নিয়ন্ত্রক সংস্থার নির্দেশেই এটি হয়েছে। ক্লাবের এক বিবৃতিতে বলা হয়েছে, “আইপিএল ও বিসিসিআই আমাদের নির্দেশ দিয়েছে যে, মোস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে ছেড়ে দিতে হবে।”
ধুমাল আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না। তিনি বলছিলেন, কখনো কখনো এমন পরিস্থিতি তৈরি হয়, কিন্তু ভবিষ্যতে সুস্থ বিবেচনা ও যুক্তিসঙ্গত সিদ্ধান্তই প্রাধান্য পাবে।









