ইতালিয়ান সিরি আ লিগের ২০১৯-২০ মৌসুমের প্রথম হারের স্বাদ পেল বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্তাস। শনিবার ল্যাজিওর বিপক্ষে ৩-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে মারিও সারির দল। এ ম্যাচ জিতলেই ইন্টার মিলানকে টপকে লিগ টেবিলের শীর্ষস্থান দখল করাতে পারতো তুরিনের বুড়িরা।
ম্যাচ শুরুর ২৫তম মিনিটে ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে এগিয়ে যায় জুভেন্তাস। এরপর পিছিয়ে পড়ে ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নিয়ে পাল্টা আক্রমণ করতে থাকে ল্যাজিও। তবে সাফল্যের দেখা মেলে প্রথমার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে। লুইস আলবের্তোর ক্রসে হেডে দলকে সমতায় ফেরান ব্রাজিলিয়ান ডিফেন্ডার ফেলিপে।
দ্বিতীয়ার্ধের ৬৯তম মিনিটে প্রতিপক্ষের মিডফিল্ডার মানুয়েল লাজ্জারিকে বিপজ্জনক ফাউল করলে হুয়ান কুয়াদরাদো সরাসরি লাল কার্ড দেখা পায় ফলে বড় ধাক্কা খায় জুভেন্তাস। ১০ জনে নেমে যাওয়ার ধাক্কা সামলে ওঠার আগেই দ্বিতীয় গোল খেয়ে বসে টানা আটবারের চ্যাম্পিয়নরা। ৭৪তম মিনিটে বাঁ দিক থেকে সতীর্থের লম্বা উঁচু করে বাড়ানো বল ডান পায়ে নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের শটে জয়সূচক গোলটি করেন সার্বিয়ার মিডফিল্ডার সাভিচ।
আনন্দবাজার/এম.কে









