মহামারি করোনার কারণে টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ড সফরে যেতে ভয় পাচ্ছেন অধিকাংশ ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী জনি গ্রেইভ এসব তথ্য জানিয়েছেন। সিরিজের ব্যাপারে আশাবাদী হওয়া সত্বেও ক্রিকেটারদের কাউকে এই সফরে যেতে জোর করা হবে না বলেও জানিয়েছেন ক্যারিবিয়ান বোর্ডের শীর্ষ এই কর্তা। ম্যাচ আয়োজনের আগে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে ইংলিশ বোর্ডের প্রতি আহ্বান জানিয়েছেন গ্রেইভ।
জুলাই মাসে লকডাউন শেষে মাঠে ফেরার জন্য প্রস্তুত ইংল্যান্ড। সরকার পক্ষ থেকে গ্রিন সিগনালও মিলেছে। স্থগিত হওয়া দ্বিপাক্ষিক সিরিজগুলো একে একে আয়োজনের জন্য প্রস্তুতি নিচ্ছে ইংলিশ ক্রিকেট বোর্ড। তবে স্বাস্থ্যঝুঁকির এই সময়ে দ্বিধায় ভুগছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।
জনি গ্রেইভ বলেন, ইংল্যান্ডে ইতোমধ্যেই ৩০ হাজারের বেশি মানুষ মারা গেছে। আর আমাদের ক্রিকেটাররা যেখানে বড় হয়েছে সেখানে মোট জনসংখ্যাই ৬০ থেকে ৭০ হাজার। বুঝতেই পারছেন, ক্রিকেটারদের ভয়টা কোথায়। আমরা ওদের মনের অবস্থা বুঝি। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি এই সিরিজে যেতে আমরা কাউকে বাধ্য করবোনা। স্বেচ্ছায় যারা যাবে তারাই এবার খেলবে।
বছরের শেষদিকে তিন ম্যাচের টেস্ট সিরিজটি আয়োজন করতে চাইছে ইংল্যান্ড। তার মানে, হাতে আরও বেশকিছুদিন সময় আছে। তবে ক্যারিবিয়ানরা নিরাপত্তার পুরোপুরি নিশ্চয়তা চায়।
আনন্দবাজার/তা.তা









