নতুন বছরের উড়ন্ত সূচনা করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ২০২০ সালে প্রথমবারের মতো মাঠে নেমেই করলেন হ্যাটট্রিক। তার হ্যাটট্রিকের উপর ভর করে ক্যাগলিয়ারির বিপক্ষে ৪-১ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছেড়েছে সিআর সেভেনের দল জুভেন্টাস।
জুভিদের ঘরের মাঠ আলিয়াঞ্জ স্টেডিয়ামে খেলার প্রথমার্ধ গোলশূন্য শেষ হয়। কিন্তু দিতীয়ার্ধ শুরু হতে না হতে খেলার ৪৯তম মিনিটে দলের হয়ে প্রথম গোলটি করেন রোনালদো।
৬৭ মিনিটে পেনাল্টি পায় জুভেন্টাস। পেনাল্টি কিকের মাধ্যমেই দলের হয়ে দ্বিতীয় গোলটি আদায় করে সিআর সেভেন।
৭০ মিনিটে দিবালার বদলে মাঠে নামেন গঞ্জালো হিগুয়াইন। ৮১ মিনিটের মাথায় সাদা-কালোদের হয়ে তৃতীয় গোল তুলে নেন এই আর্জেন্টাইন স্ট্রাইকার।
তার এক মিনিট পরই নিজের হ্যাটট্রিক পূরণ করেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
এই জয়ে ইতালিয়ান লিগে ১৮ ম্যাচ খেলে ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রাখলো রোনালদোর দল জুভেন্টাস।
আনন্দবাজার/এস.কে









