তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরের পর আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো গভীর শোক প্রকাশ করেছেন।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালের কাছে পাঠানো এক শোকবার্তায় ফিফা প্রেসিডেন্ট উল্লেখ করেছেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও পথিকৃৎ ব্যক্তিত্ব। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্থায়ী উত্তরাধিকার রেখে গেছেন।
শোকবার্তায় আন্তর্জাতিক ফুটবলের পক্ষ থেকে বাংলাদেশ সরকার, বাফুফে এবং দেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। বাফুফে ফিফা প্রেসিডেন্ট ও আন্তর্জাতিক ফুটবল সম্প্রদায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
প্রসঙ্গত, ৩০ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হন বেগম খালেদা জিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। ৪৪ বছরের রাজনীতিক জীবনকালে তিনবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।









