ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ৩৯তম জন্মদিন আজ। ক্যারিয়ারে তিনি এমন কিছু কীর্তি গড়েছেন যা তাকে সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটারে পরিণত করেছে। আর অধিনায়ক হিসেবে তার তুলনা তো তিনি নিজেই। চোখেমুখে বিন্দুমাত্র দুশ্চিন্তার ছাপ না রেখে, মাথা ঠান্ডা রেখে অসংখ্য ম্যাচের ফল পাল্টে দিয়েছেন তিনি।
সাফল্যের দিক দিয়ে সর্বকালের সবচেয়ে সফল অধিনায়কদের একজন হলেন ধোনি। তবে ব্যাটসম্যান হিসেবেও তার সাফল্য কোনো অংশে কম নয়। ওয়ানডে ক্রিকেটে ৩৫০টি ম্যাচ খেলে ধোনির সংগ্রহ ৫০.৫৭ গড়ে ১০ হাজার ৭৭৩ রান।
টেস্ট ক্যারিয়ারে ৯০টি ম্যাচ খেলে ধোনির সংগ্রহ ৩৮.০৯ গড়ে ৪ হাজার ৮৭৬ রান। এবং টি-টোয়েন্টিতে ৯৮টি ম্যাচ খেলে তার সংগ্রহ ৩৭.৬০ গড়ে ১ হাজার ৬১৭ রান। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়াও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) দারুণ সফল অধিনায়ক ধোনি। ধোনির নেতৃত্বে এখন পর্যন্ত আইপিএলের ৩টি শিরোপা জিতেছে চেন্নাই সুপার কিংস।
এছাড়া উইকেটরক্ষক হিসেবেও দারুণ সফল ধোনি। তাকে গত প্রায় এক যুগের সবচেয়ে সফল উইকেটরক্ষক বলা হয়। ধোনি দ্রুত রান আউট আর স্ট্যাম্পিংয়ের জন্য বিখ্যাত। উইকেটের পেছনে তার অনন্য ভূমিকাও চোখে পড়ার মতো। এজন্য তাকে ‘ডিআরএস’ বা রিভিও সিস্টেমে সবচেয়ে সফল খেলোয়াড় বলা হয়।
আনন্দবাজার/টি এস পি









