সম্প্রতি পাসপোর্ট জালিয়াতি করে প্যারাগুয়েতে প্রবেশ করার সময় গ্রেপ্তার হয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তী ফুটবলার রোনালদিনহো। গতকাল বুধবার (৪ মার্চ) সে ও তার ভাইকে জাল পাসপোর্ট ও ভুয়া কাগজপত্রসহ গ্রেপ্তার করেছে প্যারাগুইয়ান পুলিশ।
প্যারাগুয়ের স্থানীয় সংবাদমাধ্যমের সূত্র ধরে এ খবর দিয়েছে ফুটবল বিষয়ক ওয়েবসাইট গোল ডটকম।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে খবরে জানানো হয়েছে, পুলিশ বিভাগের সহযোগিতায় বুধবার ব্রাজিলের বিশ্বকাপজয়ী এবং সাবেক এই বার্সেলোনা তারকার প্রেসিডেন্সিয়াল স্যুটে তল্লাশি চালায় মন্ত্রণালয়। তল্লাসি করে এমন পাসপোর্ট পাওয়া যায় যেখানে তাদের দুই ভাইয়ের পাসপোর্টে নাম ঠিক থাকলেও জাতীয়তার নাম দেওয়া রয়েছে প্যারাগুইয়ান। এর ফলে তাদের গ্রেপ্তার করা হয়।
প্যারাগুইয়ান পুলিশ এক বিবৃতিতে জানায়, প্যারাগুয়ের ক্যাসিনো মালিক নেলসন বেলোত্তির আমন্ত্রণে রোনালদিনহো ও তার ভাই দেশটিতে সফরে আসেন। এমনকি তাদের কাছে ব্রাজিলিয়ান পাসপোর্ট নেই বলেও জানায় তারা।
উল্লেখ্য, এর আগে ব্রাজিলের লেক গুয়াইবাতে অনুমতি ছাড়া একটি চিনির কল প্রতিষ্ঠায় রোনালদিনহোকে ২৩ লাখ ডলার জরিমানা করা হয়েছিল এবং সে সাথে তার পাসপোর্টও জব্দ করা হয়েছিল।
আনন্দবাজার/শাহী









