টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ১৯৯ রানের লক্ষ্য দেয় আফগানিস্তান। তবে রশিদ খানের বোলিং নৈপূন্যে প্রতিপক্ষকে ১৫০ রানে বেধে ৪৮ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে আফগানিস্তান। এই ম্যাচে চার ওভারে ২৮ রানের বিনিময়ে ৩ উইকেট নিয়েছেন রশিদ খান। আর এই ৩ উইকেট নিয়েই তিনি ছুঁয়ে ফেললেন বাংলাদেশের সাকিব আল হাসানকে।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৯২টি উইকেট নিয়েছেন সাকিব। এই ফরম্যাটে রশিদ খানের উইকেট সংখ্যাও সাকিবের সমান ৯২টি। আর একটি উইকেট নিলেই সাকিবকে ছাড়িয়ে যাবেন তিনি। ৯২ উইকেট নিতে রশিদ মাত্র ৪৯ ম্যাচ খেলেছেন। এবং ৯২ উইকেট নিতে সাকিব খেলেছেন ৭৬ ম্যাচ।
টি-টোয়েন্টিতে শত উইকেট নিতে দুজনেরই প্রয়োজন ৮টি করে উইকেট। আসন্ন বাংলাদেশের নিউজিল্যান্ড সফরের দলে নেই সাকিব। তাই সাকিবের আগেই ১০০ টি-টোয়েন্টি উইকেটের মাইলফল স্পর্শ করার সুযোগ রয়েছে রশিদ খানের সামনে।
এই ফরম্যাটে প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ উইকেট নিয়েছেন লাসিথ মালিঙ্গা। ৯৮ উইকেট নিয়ে তালিকার দুই নম্বরে আছেন সাবেক পাকিস্তান অধিনায়ক শহীদ আফ্রিদি। সাকিব-রশিদের সামনে কেবল রয়েছেন প্রতিদ্বন্দ্বী টিম সাউদি। এই ফাস্ট বোলারের ঝুলিতে রয়েছে ৯৩ উইকেট। বাংলাদেশ সিরিজে শত উইকেটের এলিট ক্লাবে প্রবেশের সুযোগ রয়েছে এই বোলারের সামনেও।
আনন্দবাজার/টি এস পি








