নবনিযুক্ত প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় আপিল বিভাগের ১নং এজলাস কক্ষে প্রধান বিচারপতিকে সংবর্ধনা প্রদান করে অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।
অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে থাকা অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ বেগম খালেদা জিয়াকে স্মরণ করে বলেন, তিনি দেশের জন্য নিজ জীবন উৎসর্গ করেছেন এবং জাতি ও গণতন্ত্রের প্রতি তাঁর অবদান অনন্য। তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন, মরহুমা বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদাউস দান করুন।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে সংবর্ধনা বক্তব্যে সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনও বেগম খালেদা জিয়াকে স্মরণ করেন। তিনি বলেন, দেশের বিচার বিভাগের স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার সংগ্রাম অনস্বীকার্য। আমরা তাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।
সংবর্ধনা অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি, জ্যেষ্ঠ আইনজীবী, সুপ্রিম কোর্টের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী শপথগ্রহণ করেন। আজ অবকাশ শেষে আদালতের নিয়মিত কার্যক্রমের প্রথম দিনেই তাকে এই সংবর্ধনা দেওয়া হয়।









