বরিশালে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে কেক কাটার আয়োজন করেছিল। ঠিক সেই মুহূর্তে সেখানে বিএনপির নেতাকর্মীরা উপস্থিত হলে কেক ও ব্যানার ফেলে পালিয়ে যান তারা। পরে পুলিশ এসে কেক ও ব্যানার জব্দ করে।
গতকাল মঙ্গলবার (১৭ মার্চ) রাত ৯টার দিকে নগরীর ২৭ নম্বর ওয়ার্ডের নবগ্রাম রোডের কুদঘাটা মোল্লা বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের আঁধারে ওই স্থানে জড়ো হয়ে মুজিবের জন্মদিন উপলক্ষে কেক কাটার প্রস্তুতি নিচ্ছিলেন নিষিদ্ধ সংগঠনটির নেতাকর্মীরা। এ সময় তারা সেখানে ব্যানার টাঙিয়ে বিভিন্ন স্লোগানও দেন। বিষয়টি টের পেয়ে মোটরসাইকেলের বহর নিয়ে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন বিএনপির নেতাকর্মীরা।
২৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক নাসির উদ্দীন হাওলাদার বলেন, মোল্লা বাড়ির সামনের সড়কে রাতের অন্ধকারে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কেক কাটার আয়োজন করছিল। খবর পেয়ে আমরা কয়েকজন মোটরসাইকেল নিয়ে সেখানে যাই। আমাদের উপস্থিতি টের পেয়ে তারা কেক ও ব্যানার ফেলে পালিয়ে যায়।
পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক দেব সরকার জানান, তারা ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। সেখান থেকে শেখ মুজিবুর রহমানের নাম লেখা একটি কেক ও একটি ব্যানার জব্দ করা হয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।









