গাইবান্ধার সাঘাটা উপজেলায় যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে বিএনপির এক নেতা ও এক বালু ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম। এর আগে শুক্রবার বিকেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে একই দিন রাতে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার সাথালিয়া গ্রামের জহর লালের ছেলে জুয়েল আমিন এবং কচুয়া হাট গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে সবুজ মিয়া। তাদের মধ্যে জুয়েল আমিন সাথালিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বোয়াল গেট হয়ে মুন্সিরহাট এলাকায় পরিবহনের সময় জুয়েল আমিন ও সবুজ মিয়াকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে সাঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব সেলিম আহমেদ তুলিপ জানান, জুয়েল আমিন ওয়ার্ড বিএনপির সভাপতি। তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কারাদেশ প্রক্রিয়াধীন রয়েছে।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং শনিবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।









