ময়মনসিংহের ভালুকা উপজেলায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সন্ত্রাস, হানাহানি ও রক্তপাতের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. খোকা মিয়া এবং সাবেক ছাত্রনেতা ও বিএনপি কর্মী তোফায়েল আহমেদ রানার বিরুদ্ধে সন্ত্রাস, হানাহানি ও রক্তপাতের ঘটনায় জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের ভিত্তিতে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে তাদের বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
দলীয় সূত্র আরও জানায়, সংগঠনের শৃঙ্খলা রক্ষা এবং সহিংসতা প্রতিরোধে বিএনপি কঠোর অবস্থানে রয়েছে। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করে এমন কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
প্রসঙ্গত, ঝুট ব্যবসা নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে বাবা-ছেলের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে গত রবিবার (১২ এপ্রিল) দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের নারিশের মোড় এলাকায় খোকা মিয়াকে লক্ষ্য করে তার ছেলে রানা গুলি ছোড়েন। এ ঘটনায় খোকা মিয়া (৫০) আহত হন। এ সময় তার সঙ্গে থাকা স্থানীয় ফয়জুদ্দিনের ছেলে খোকন (৪৫) নামের আরও একজন আহত হন। পাশাপাশি রানার পক্ষের বখতিয়ার আহমেদ নাহিন (২৪) নামের একজনও আহত হয়েছেন বলে জানা যায়।
বহিষ্কারের বিষয়ে জানতে চাইলে ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ জানান, বিষয়টি তিনি এখনো অবগত নন। বিস্তারিত জেনে পরে জানাতে পারবেন।









