নওগাঁর আত্রাইয়ে নিজ বাড়িতে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামী নিজেও আত্মহত্যা করেছেন।
গতকাল বৃহস্পতিবার (৫ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বলরামচক চৌধুরীপাড়া গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন- উপজেলার বলরামচক চৌধুরীপাড়া গ্রামে গৌতম সকারের ছেলে জয় সরকার (২৭), তার স্ত্রী বৃষ্টি সরকার (২২) ও ২ বছরের কন্যা সন্তান জিনি সরকার।
তিনজনের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন আত্রাই থানার এসআই শাহাজুল ইসলাম।
পারিবারিক বিরোধের জেরে স্ত্রী ও দুই কন্যা সন্তানকে হত্যার পর স্বামী জয় সরকার আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
স্থানীয়রা জানান, জয় সরকার মাদকাসক্ত ছিলেন। স্বামী মাদকাসক্ত ও বেপরোয়া হওয়ায় বৃষ্টি সরকার অনেকবার সংসার ছেড়ে চলে যান আবার ফিরেন আসেন। বৃহস্পতিবার রাতের খাবার শেষে পরিবারের সবাই ঘুমিয়ে পড়লে জয় তার স্ত্রী ও সন্তানকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। পরে ওই ছুরি দিয়ে নিজের শরীরে আঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন। ঘটনাস্থলেই বৃষ্টি সরকারের মৃত্যু হয়। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা দেখতে পেয়ে গুরুতর আহত জয় ও তার সন্তানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে শুক্রবার ভোরে চিকিৎসাধীন বাবা-মেয়ের মৃত্যু হয়।
আত্রাই থানার ওসি আব্দুল করিম বলেন, খবর পেয়ে রাতেই বৃষ্টির লাশ উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত স্বামী ও সন্তানকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন তাদের মৃত্যু হয়।
ওসি বলেন, জয় সরকার মাদকাসক্ত ছিলেন। তিনি পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সঙ্গে বেপরোয়া আচরণ করতেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।









