রাজশাহীর মোহনপুর উপজেলার সাঁকোয়ায় ঈদের নামাজ পড়ানোর ইমাম নিয়োগকে কেন্দ্র করে স্থানীয় জামায়াত ও বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আলাউদ্দিন নামে জামায়াতের এক কর্মী নিহত হয়েছেন।
শনিবার (৭ মার্চ) রাত ৮টার দিকে মোহনপুর উপজেলার সাঁকোয়া এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত ৮টায় সাঁকোয়া ঈদগাহ বড় মসজিদে তারাবির নামাজের আগে ঈদের নামাজ পড়ানোর ইমাম নিয়োগ নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সভায় স্থানীয় জামায়াত ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় উভয় পক্ষ নিজেদের পছন্দের ব্যক্তিকে ইমাম হিসেবে নিয়োগ দেয়ার বিষয়ে উত্তেজনায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন।
আহতদের স্থানীয় হাসপাতালে নেয়া হলে তাদের মধ্যে আলাউদ্দিনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। জামায়াতের উপজেলা আমির নিশ্চিত করেছেন, নিহত আলাউদ্দিন তাদের দলের কর্মী ছিলেন।
ঘটনার পর বিক্ষুব্ধ নেতাকর্মীরা সড়কে আগুন জ্বালিয়ে রাজশাহী-নওগাঁ মহাসড়ক কিছু সময়ের জন্য অবরোধ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।









