সিরাজগঞ্জের শাহজাদপুরে দুধের কারখানার বায়োগ্যাস প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুই শ্রমিক গুরুতরভাবে দগ্ধ হয়েছেন।
শনিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার গাড়াদহ ইউনিয়নের দুর্গাদহ গ্রামে রূপ কুমার ঘোষের বায়োগ্যাস প্ল্যান্টে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন দুর্গাদহ গ্রামের মমিন (৩৫) ও লাল চাঁদ (৪৫)।
চিকিৎসক সূত্রে জানা গেছে, দগ্ধ দুই শ্রমিকের শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে গেছে, যা অত্যন্ত আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, দুর্গাদহ গ্রামের রূপ কুমার ঘোষের দুধের কারখানার পাশে নির্মিত বায়োগ্যাস প্ল্যান্টে অদক্ষ শ্রমিক দিয়ে কাজ করানো হচ্ছিল। কাজের সময় একজন শ্রমিক সিগারেট ধরালে সেই আগুন থেকেই প্ল্যান্টে জমে থাকা গ্যাসে বিস্ফোরণ ঘটে।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে পিপিডি হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। চিকিৎসকরা জানিয়েছেন, দুজনের শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছে।
কারখানার মালিক রূপ কুমার ঘোষ জানান, বায়োগ্যাস প্ল্যান্ট পরিষ্কার করার সময় একজন শ্রমিক নিচে নেমে সিগারেট জ্বালাতেই এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেছেন, বিস্ফোরণের ঘটনা সম্পর্কে তারা অবগত নন। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।









