বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বড় জয় অর্জন করেছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী রেজাউল করিম বাদশা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর তুলনায় দ্বিগুণেরও বেশি ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তিনি।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে চূড়ান্ত ফলাফলে জানা যায়, আসনের মোট ১৫১টি কেন্দ্রে রেজাউল করিম বাদশা পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৯৩১ ভোট।
তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৫৭ হাজার ১৫৯ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী আল আমিন তালুকদার পেয়েছেন মাত্র ৫২৬ ভোট।
এবারের উপনির্বাচনে ভোটগ্রহণের হার ছিল ৪৩ শতাংশ। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হয়। পোস্টাল ব্যালটে ৩ হাজার ৭৩৬টি ভোটের মধ্যে ১ হাজার ৬৮টি ভোট আসে, যার মধ্যে ৭১৬ ভোট পেয়েছেন রেজাউল করিম।
জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম জানান, নির্বাচনস্থলে পরিবেশ ছিল স্বাভাবিক। আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্বে ছিলেন পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।









