রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এতে করে হাসপাতালটিতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ জনে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা ১১টায় রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শঙ্কর কুমার বিশ্বাস এ তথ্য জানান। তিনি বলেন, ‘বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত হাম উপসর্গে নতুন করে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ২৭ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।’
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ২৪ জন রোগী হাসপাতাল ছেড়েছেন। বর্তমানে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ১৩২ জন। এখন পর্যন্ত মোট ৪৭৯ জন রোগী ভর্তি হয়েছেন, যাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ৫০ শিশুর মৃত্যু হয়েছে।
ডা. শঙ্কর কুমার বিশ্বাস বলেন, ‘মার্চের শুরু থেকে ৯ এপ্রিল পর্যন্ত এই মৃত্যু হয়েছে। এখন প্রতিদিন মৃত্যু বাড়ছে। যাদের অধিকাংশের বয়স ছয় মাসের নিচে। এক বছরের শিশু মৃত্যুর হার কম।’









