কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়কের পাশ থেকে বস্তাবন্দী অবস্থায় অজ্ঞাত এক যুবকের তিন টুকরো মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকায় এ মরদেহ উদ্ধার করা হয়। বিকেল সোয়া ৪টা পর্যন্ত মরদেহটির পরিচয় শনাক্ত করা যায়নি। নিহতের বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বুধবার দুপুরে সড়কের পাশে বস্তাবন্দী অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে বস্তার ভেতর থেকে তিন খণ্ডে বিভক্ত মরদেহ উদ্ধার করা হয়।
বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক দুর্জয় বিশ্বাস জানান, তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হবে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।









