কুমিল্লার দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় সাতজন নিহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দেওয়া এক বিবৃতিতে তিনি নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশের সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনার তাগিদ দেন।
বিবৃতিতে তিনি বলেন, ভোররাত প্রায় ৩টার দিকে দাউদকান্দিতে ঘটে যাওয়া ভয়াবহ দুর্ঘটনায় সাতজনের মৃত্যু এবং অন্তত ছয়জন আহত হওয়ার ঘটনা অত্যন্ত মর্মান্তিক। নিহতদের জন্য মহান আল্লাহর কাছে ক্ষমা ও শহীদের মর্যাদা কামনা করেন তিনি। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
তিনি আরও বলেন, ঘনঘন এ ধরনের দুর্ঘটনা দেশের সড়ক ব্যবস্থাপনার নাজুক চিত্রই তুলে ধরছে। বেপরোয়া গতি, অনিয়ন্ত্রিত যান চলাচল, চালকদের পর্যাপ্ত প্রশিক্ষণের অভাব এবং মহাসড়কে নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা প্রতিনিয়ত প্রাণহানির কারণ হয়ে দাঁড়াচ্ছে।
এ পরিস্থিতিতে দ্রুত সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়ন, চালকদের প্রশিক্ষণ নিশ্চিতকরণ এবং মহাসড়কে কার্যকর নজরদারি বাড়ানোর জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে সরকারকে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর জোর দেন জামায়াত আমির। দুর্ঘটনার প্রকৃত কারণ দ্রুত তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনা এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করারও দাবি জানান তিনি।









