জ্বালানি সংকটজনিত তীব্র লোডশেডিং ও বিদ্যুৎ বিপর্যয়ের প্রতিবাদে কুমিল্লার দেবিদ্বারে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলার রসুলপুর ইউনিয়নের খাইয়ার গ্রামে তিনি স্থানীয়দের মধ্যে মোমবাতি বিতরণ করেন এবং এর মাধ্যমে বিদ্যুৎ বিভ্রাটের প্রতীকী প্রতিবাদ জানান।
মোমবাতি বিতরণের সময় হাসনাত আবদুল্লাহ সরকারের কঠোর সমালোচনা করে বলেন, ‘বর্তমান জ্বালানি সঙ্কটের বাস্তব পরিস্থিতি সরকার স্বীকার করছে না। সংসদে বারবার বলা হচ্ছে, দেশে তেলের কোনো অভাব নেই। অথচ বাস্তবে মানুষ সারাদিন বিদ্যুৎ পাচ্ছে না।’
তিনি আরও ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমি সংসদে সরকারের কাছে জানতে চেয়েছিলাম কোনো সমস্যা আছে কি-না। সরকার সমস্যা স্বীকার করে না, কিন্তু মানুষ অন্ধকারে থাকছে। তাই এর প্রতিবাদে আমরা জনগণের হাতে মোমবাতি তুলে দিচ্ছি।’
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে চলা তীব্র লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা প্রায় স্থবির হয়ে পড়েছে। বিশেষ করে তীব্র গরমে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় শিশু ও বয়স্কদের ভোগান্তি চরমে পৌঁছেছে। পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনা এবং দৈনন্দিন কাজকর্মও ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে।
এমন পরিস্থিতিতে সংসদ সদস্যের এই ব্যতিক্রমী প্রতিবাদকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। তারা দ্রুত বিদ্যুৎ সমস্যার সমাধান এবং নিয়মিত সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন।









