নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় গার্মেন্টস শ্রমিকদের ছাঁটাইয়ের প্রতিবাদে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে শ্রমিকরা, যা সাধারণ মানুষের জন্য চরম ভোগান্তি সৃষ্টি করেছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর ১টার দিকে শতভাগ রপ্তানিমুখী সোয়েটার প্রস্তুতকারী ‘কারখানা কোরেস বাংলাদেশ পিএলসি’–এর কয়েকশ’ শ্রমিক রাস্তায় নেমে টায়ারে আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করেন। এতে ঢাকামুখী ও চট্টগ্রামমুখী উভয় লেন বন্ধ হয়ে কয়েক কিলোমিটার এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়।
পরিস্থিতি খবরে অবগত হয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি ও আব্দুল বারীসহ পুলিশের একাধিক দল ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে আলোচনা করেন। পরে শ্রমিকরা মহাসড়ক থেকে সরানো হলে বেলা ২টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
শ্রমিকরা অভিযোগ করেছেন, মালিকপক্ষ বিনা নোটিশে শ্রমিক ছাঁটাই করছে এবং বেতন পরিশোধ না করে কারখানা বন্ধের পাঁয়তারা করছে। তারা কর্মসংস্থান রক্ষা ও পাওনা বেতন পরিশোধের দাবিতে সড়ক অবরোধে বাধ্য হয়েছেন।
কারখানার সিনিয়র অপারেটর রনি বিল্লাহ জানান, ফ্যাক্টরিতে ৩৫০ জন শ্রমিক কাজ করেন। গত নভেম্বর মাসের বেতন বকেয়া থাকা সত্ত্বেও শ্রমিক ছাঁটাই ও বেতন বন্ধ রাখার প্রতিবাদে তারা রাস্তায় নেমেছেন।
কারখানার ডিরেক্টর মেজর মশিউর রহমান বলেন, কিছু বাইরের লোক শ্রমিকদের প্ররোচনা দিচ্ছে। বাস্তবে এই মাসে কাজ কম হওয়ায় বেতন বকেয়া রয়েছে এবং ব্যাংকে ফান্ড আছে। তিনি ফ্যাক্টরিতে গিয়ে শ্রমিকদের সঙ্গে বসে বিষয়টি সমাধান করবেন।
ওসি মোহাম্মদ আব্দুল বারিক জানান, শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং মালিকপক্ষের সঙ্গে সমাধানের জন্য আলোচনা করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।









