ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ভবানীপুর ইউনিয়নের বিরিজিনি মোড়ে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ‘ঈদ উপহার’ বিতরণ করা হয়েছে। স্থানীয় সামাজিক সংগঠন ভবানীপুর বেতবাড়ি প্রবাসী একতা সংগঠনের উদ্যোগে এই মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।
গতকাল রবিবার উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই কর্মসূচিতে সংগঠনের সভাপতি আব্দুল মোতালেব ও কেশিয়ার মো. শাকিল হাসান উপস্থিত ছিলেন।
সংগঠনের স্থানীয় প্রতিনিধিরা জানান, প্রবাসে থাকলেও তাদের হৃদয়ের টান সবসময় নিজের গ্রাম ও গ্রামের মানুষের প্রতি। ঈদের আনন্দ যাতে সবার ঘরে পৌঁছে যায়, সেই লক্ষ্যেই প্রতি বছরের মতো এবারও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
ঈদ উপহার পেয়ে স্থানীয় বাসিন্দারা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা প্রবাসীদের এই সহমর্মিতা ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে সংগঠনের সদস্যদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন। একই সঙ্গে ভবিষ্যতেও সংগঠনটি এলাকার উন্নয়ন এবং দরিদ্র মানুষের পাশে থাকবে বলে আশা প্রকাশ করেন তারা।
ঈদ উপহার বিতরণের পাশাপাশি মানবিক সহায়তার অংশ হিসেবে কয়েকজন অসুস্থ ব্যক্তি ও একটি ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য নগদ অর্থ সহায়তা দেওয়া হয়। ক্যান্সারে আক্রান্ত আওয়াল হোসেনকে ১৫ হাজার টাকা এবং শরিফুল নামে আরেক ক্যান্সার রোগীকে ১০ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়। এছাড়া একটি মসজিদের জন্য ১০ হাজার টাকা অনুদান দেওয়া হয়।
এছাড়াও সামাজিক সহায়তার ধারাবাহিকতায় প্রবাসী মো. মোফাজ্জল হোসেন একজন শিক্ষার্থীর পড়াশোনার জন্য প্রতি মাসে এক হাজার টাকা করে সহায়তা দিয়ে আসছেন।
স্থানীয়দের মতে, প্রবাসীদের এই মানবিক উদ্যোগ শুধু ঈদের আনন্দই ভাগাভাগি করে নেয়নি, বরং অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভবানীপুর ইউনিয়ন যুবদলের সভাপতি সহিদুর রহমান কাঞ্চন, ১ নম্বর ওয়ার্ড সদস্য জাকির হোসেন শহিদ, মোহাম্মদ আলী, এ কে এম মনিরুজ্জামান কাজল, মালদ্বীপ প্রবাসী জাহাঙ্গীর আলমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুলসংখ্যক স্থানীয় মানুষ।









