পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের প্রধান পর্যটন কেন্দ্র কক্সবাজারে পর্যটকদের উপচে পড়া ভিড়। টানা কয়েক দিনের সরকারি ছুটিতে কয়েক লাখ পর্যটকের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে বিশ্বের দীর্ঘতম এই সমুদ্রসৈকত। এরই মধ্যে ঘটে গেল হৃদয়বিদারক ঘটনা। সৈকতে গোসলে নেমে মেহেদী হাসান আবির (২৫) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে সৈকতের সুগন্ধা পয়েন্টে এ ঘটনা ঘটে। নিহত আবির বান্দরবানের আজিজ নগর এলাকার বাসিন্দা।
নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে, আবির তার তিন বন্ধু আরিফুল ইসলাম, তানজিন ও মারুফুল হাসান রিপনকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার সকালে কক্সবাজারে বেড়াতে আসেন। দুপুর ২টার দিকে তারা সৈকতে সুগন্ধা পয়েন্টে গোসলে নামেন। একপর্যায়ে আবির সাগরের ঢেউয়ের মধ্যে নিখোঁজ হয়ে যান। পরে প্রায় তিন ঘণ্টা পর বিকেল ৫টার দিকে তার মরদেহ সৈকতে ভেসে উঠতে দেখা যায়। এ সময় সি সেইফ লাইফগার্ডের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কক্সবাজার সি সেফ লাইফ গার্ডের টিম লিডার ইমতিয়াজ আহমেদ জানান, সৈকতে গোসলের সময় নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হলেও অনেকে তা মানতে চান না।









