টানা বৃষ্টি ও সড়কের বেহাল অবস্থার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ২০ কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। কাঁচপুর থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত বিস্তৃত এই যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন ঢাকামুখী যাত্রীরা।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল থেকেই মহাসড়কের বিভিন্ন স্থানে যান চলাচল ধীরগতির ছিল, যা দুপুরের দিকে আরও খারাপ আকার ধারণ করে। বিশেষ করে কাঁচপুর সেতুর নিচ দিয়ে ইউটার্ন ব্যবহার করে ঢাকা-সিলেট মহাসড়কে প্রবেশ করতে না পারায় যানবাহনের চাপ গিয়ে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে। এতে কাঁচপুর, শিমরাইল, মদনপুর ও ভূলতা সংযোগ এলাকা পর্যন্ত যানজট ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃষ্টির পানিতে সড়কের অনেক অংশ ছোট পুকুরের মতো হয়ে গেছে। কোথাও কার্পেটিং উঠে গিয়ে গভীর গর্ত তৈরি হয়েছে, ফলে একসঙ্গে একাধিক যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। ভারী যানবাহন ও বাস ধীরগতিতে চলায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ট্রাফিক ইনচার্জ জুলহাস উদ্দিন বলেন, বৃষ্টির কারণে ঢাকা-সিলেট মহাসড়কের বড় অংশ কাদা ও পানিতে ডুবে গেছে। এতে একবারে একটি করে গাড়ি চলাচল করছে, যার প্রভাব পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট তৈরি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে একাধিক টিম কাজ করছে।
যানজটে আটকে পড়া যাত্রীরা জানান, কয়েক কিলোমিটারের পথ পাড়ি দিতে ঘণ্টার পর ঘণ্টা সময় লাগছে। নারী, শিশু ও অসুস্থ যাত্রীরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন। এক বাসযাত্রী বলেন, আধা ঘণ্টার পথ পাড়ি দিতে তিন ঘণ্টা লেগে যাচ্ছে—‘গাড়ি একটু এগোয়, আবার দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকে।’ এক ট্রাকচালক জানান, সড়কের গর্ত ও কাদার কারণে গাড়ি নিয়ন্ত্রণ করাও কঠিন হয়ে পড়েছে।









