বরিশালের হিজলা উপজেলার একটি বিদ্যালয়ের পরিত্যক্ত টয়লেটের সেপটিক ট্যাংক থেকে মনির হোসেন (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করলে পুলিশ।
সোমবার (১৬ মার্চ) মাদুপুরে উপজেলার ধূলখোলা ইউনিয়নের পশ্চিম পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সাইক্লোন শেল্টারের পরিত্যক্ত টয়লেটের সেপটিক ট্যাংক থেকে তার লাশটি উদ্ধার করা হয়।
নিহত মনির হোসেন ধুলখোলা এলাকার বাসিন্দা সুলতান রাঢ়ীর ছেলে।
জানা গেছে, পেশায় জেলে মনির রবিবার বিকালে মায়ের কাছে বোনের বাড়ি আলীগঞ্জ যাওয়ার কথা বলে বেরিয়ে যান। এরপর থেকেই নিখোঁজ ছিলেন।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, সোমবার সকালে এক শিশু পাতা কুড়াতে এসে সেপটিক ট্যাংকের মধ্যে মানুষ দেখতে পায়। পরে শিশুটি দৌড়ে গিয়ে স্থানীয়দের জানায়।
পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ সেপটিক ট্যাংক থেকে লাশটি উদ্ধার করে।
হিজলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আদিল হোসেন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাটি তদন্ত করছে। নিহতের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। সুরতহাল রিপোর্ট শেষে মনিরের লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে এখনি কোন মন্তব্য করা যাচ্ছে না।









