চট্টগ্রামের বাঁশখালীতে অসুস্থ একটি কাক নিজেই হাজির হয়েছে ভেটেরিনারি হাসপাতালে চিকিৎসা নিতে।
গতকাল বুধবার (১৫ এপ্রিল) সকালে উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের সামনে কাকটিকে দেখতে পান চিকিৎসকরা।
অস্বাভাবিক আচরণ লক্ষ্য করলে কাকটিকে পরীক্ষা-নিরীক্ষা করা হয়।
পরে জানা যায়, কাকটি পক্স ভাইরাসে আক্রান্ত হয়েছে একইসঙ্গে শরীরজুড়ে রয়েছে ক্ষত ও বিষফোড়া। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সপন নন্দীসহ চিকিৎসকরা দ্রুত কাকটিকে চিকিৎসা দেন। ক্ষতস্থান পরিষ্কার করে অ্যান্টিবায়োটিক ও প্রয়োজনীয় ওষুধ দেয়া হয়।
এ বিষয়ে চিকিৎসক জুলকারনাইন শাওন বলেন, সবচেয়ে বিস্ময়কর বিষয়—চিকিৎসার সময় কাকটি ছিল একদম শান্ত, কোনো প্রতিরোধ করেনি। চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হলেও কাকটি হাসপাতালের আশপাশেই অবস্থান করছে।
তিনি আরও বলেন, তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসা চলবে।
ইতোমধ্যে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। অনেকেই এটিকে দেখছেন—প্রকৃতির ভাষায় সাহায্য চাওয়ার এক অনন্য উদাহরণ হিসেবে।









