শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে ভোটগ্রহণ শুরু
প্রকাশ:

বিস্তারিত
ত্রয়োদশ জাতীয় সংসদের শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সাধারণ নির্বাচন এবং বগুড়া-৬ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনে ভোট হয়। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে নির্বাচিত হলেও বগুড়া-৬ আসনটি ছেড়ে দেওয়ায় সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। অন্যদিকে, জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনের ভোট স্থগিত ছিল, যা পুনঃতফসিল অনুযায়ী আজ অনুষ্ঠিত হচ্ছে।
এর আগে বুধবার (৮ এপ্রিল) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সার্বিক প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের বলেন, ‘এখন পর্যন্ত আমাদের কাছে প্রাপ্ত সংবাদ অনুযায়ী সব ঠিক আছে। আশা করি, আমরা যে বেঞ্চমার্কটা জাতীয় পর্যায়ের নির্বাচনে আপনাদের সকলের সহযোগিতায় পেয়েছি, সেটা থেকে বেশি হবে।’
শেরপুর-৩ আসন
এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিন প্রার্থী—বিএনপির মাহমুদুল হক রুবেল, জামায়াতের মাসুদুর রহমান মাসুদ এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) মনোনীত মিজানুর রহমান। একটি পৌরসভা ও ১৭টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন; এর মধ্যে পুরুষ ২ লাখ ৫ হাজার ৬৬ জন, নারী ২ লাখ ৮ হাজার ৩০৪ জন এবং তৃতীয় লিঙ্গের ৭ জন ভোটার রয়েছেন।
মোট ১২৮টি ভোটকেন্দ্রের মধ্যে ২৭টি অধিক গুরুত্বপূর্ণ, ৩২টি গুরুত্বপূর্ণ এবং ৬৯টি সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে; ভোটকক্ষ রয়েছে ৭৫১টি। নির্বাচন সুষ্ঠু করতে দায়িত্ব পালন করছেন ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১৮ জন পর্যবেক্ষক, ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও অনুসন্ধান কমিটির ৩ জন যুগ্ম জেলা জজ। নিরাপত্তায় রয়েছে সেনাবাহিনীর ৮টি মোবাইল টিমে ২০০-এর বেশি সদস্য, ১৬ প্লাটুন বিজিবি, র্যাবের ১৪টি টিম এবং প্রায় ১১৫০ পুলিশ সদস্য।
জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুর কারণে পূর্বের নির্বাচন স্থগিত করা হয়েছিল। জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁইয়া জানান, ‘নির্বাচন শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া রয়েছে।’ তিনি আরও বলেন, ‘পুরো জেলায় ৩২টি মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স কাজ করছে।’ একইসঙ্গে তিনি উল্লেখ করেন, ‘প্রতিটি কেন্দ্রে ৫ জন এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রে ৬ জন করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করছে।’ ভোটারদের শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বানও জানান তিনি।
বগুড়া-৬ আসন
এই আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন এবং ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে ১৫০টি। ডাকযোগে ভোটের জন্য পৃথক একটি কেন্দ্রে নিবন্ধিত ভোটার রয়েছেন ৩ হাজার ৭৩৬ জন।
নির্বাচনকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে রয়েছে আনসার, পুলিশ, র্যাব, বিজিবির ৮ প্লাটুন, সেনাবাহিনী এবং ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।








