ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতা বিভাগ শনিবার (৬ ডিসেম্বর) মহাখালী এলাকায় অবৈধ ব্যানার ও ফেস্টুন অপসারণ অভিযান পরিচালনা করেছে। ওয়ার্ড ২০ এর বীর উত্তম একে খন্দকার সড়ক, তাজ উদ্দিন আহমেদ সড়ক, মহাখালী রেলগেট, সেতু ভবন, আমতলার মোড় এবং জনস্বাস্থ্যের গেট এলাকায় অভিযান চালানো হয়েছে। ডিএনসিসির পরিচ্ছন্নতা কর্মীরা নিয়মিতভাবে শহরের বিভিন্ন স্থানে অনুমতি ছাড়া স্থাপিত ব্যানার, পোস্টার ও ফেস্টুন সরিয়ে থাকে এবং আজকের কার্যক্রমও তার অংশ হিসেবে সম্পন্ন হয়েছে।
ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ জানান, নভেম্বর মাসে মোট ২ লাখ ৪৭ হাজার অবৈধ ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণ করা হয়েছে। পাশাপাশি সম্প্রতি ডিএনসিসি একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে আগামী সাত দিনের মধ্যে নিজ উদ্যোগে অবৈধ ব্যানার ও ফেস্টুন অপসারণের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে এ কার্যক্রম না করলে জরিমানা এবং অন্যান্য আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অনুমতি ছাড়া বিভিন্ন স্থানে ব্যানার, ফেস্টুন, পোস্টার, বিজ্ঞাপনী নামফলক, সাইনবোর্ড, এলইডি ও বিলবোর্ড স্থাপনের জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।









