মৌলভীবাজারের দেওড়াছড়া চা বাগানে অন্তঃসত্ত্বা শ্রমিক রিয়া বেগমের (২২) মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। চিকিৎসা সহায়তার অভাবে তার মৃত্যু হয়েছে—এ অভিযোগে বৃহস্পতিবার (২ এপ্রিল) শ্রমিকরা কর্মবিরতি পালন করে লাশ নিয়ে বিক্ষোভ করেন। পরিস্থিতির মুখে বাগানের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক জহিরুল হক ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পদত্যাগপত্র জমা দেন। শুক্রবারও শ্রমিকদের একটি অংশ কর্মবিরতি অব্যাহত রাখে।
শ্রমিকদের ভাষ্য, রিয়া বেগম অসুস্থ হয়ে পড়লে পরিবার বাগান কর্তৃপক্ষের কাছে সহায়তা চাইলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পরে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং অবস্থার অবনতি হলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১ এপ্রিল) রাতে তার মৃত্যু হয়।
এই ঘটনার প্রতিবাদে শ্রমিকরা সকাল থেকেই বাগানে কাজ বন্ধ রেখে আন্দোলনে নামে। তাদের অভিযোগ, আর্থিক সংকটের কারণে যথাযথ চিকিৎসা না পেয়ে রিয়ার মৃত্যু হয়েছে। একই সঙ্গে তারা ভারপ্রাপ্ত ব্যবস্থাপকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে একজন যোগ্য ব্যবস্থাপক নিয়োগের দাবি জানান।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের মনু-দলই ভ্যালির সভাপতি ধনা বাউরী বলেন, বাগান কর্তৃপক্ষ ঘটনার দায় স্বীকার করেছে। শ্রমিকদের দাবির মুখে ব্যবস্থাপক পদত্যাগ করলে পরিস্থিতি কিছুটা শান্ত হয় এবং আন্দোলন সাময়িকভাবে স্থগিত করা হয়।
এদিকে, জহিরুল হকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি। বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. মেসবাহ উদ্দিন আহমেদ জানান, নিরাপত্তাজনিত কারণে তিনি পদত্যাগ করেছেন এবং বিষয়টি নিয়ে দ্রুত পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।









