লেবাননে হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, লেবাননের যেখানে হামলার প্রয়োজন ইসরায়েল সেখানেই হামলা করবে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স এ দেওয়া এক বার্তায় নেতানিয়াহু বলেন, আমরা শক্তি, নির্ভুলতা এবং দৃঢ়তার সঙ্গে হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছি।
মধ্যপ্রাচ্যের যুদ্ধবিরতি ঘোষণার পর থেকেই লেবাননের ওপর ইসরায়েলি বিমান হামলার তীব্রতা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। এর প্রতিক্রিয়ায় হিজবুল্লাহর পক্ষ থেকে সীমিত পর্যায়ে রকেট হামলা চালানো হলেও ইসরায়েল এই পরিস্থিতিকে ব্যবহার করে ওই অঞ্চলে উত্তেজনা প্রশমনের প্রচেষ্টাকে নস্যাৎ করতে চাইছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
বেনিয়ামিন নেতানিয়াহু আরো বলেছেন, আমাদের বার্তা পরিষ্কার, যেই ইসরায়েলের বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে কাজ করবে, আমরা তাকে আঘাত করব। দেশের উত্তরাঞ্চলের বাসিন্দাদের নিরাপত্তা পুরোপুরি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা যেখানে প্রয়োজন, সেখানে হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা চালিয়ে যাব।
বুধবার (৮ এপ্রিল) লেবাননে ইসরায়েলি হামলায় ব্যাপক প্রাণহানির একদিন পরই তিনি এ মন্তব্য করলেন।









