ইরানে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর চরম উত্তেজনা বিরাজ করছে মধ্যপ্রাচ্যে। এরই মধ্যে মধ্যস্থতাকারীদের মাধ্যমে পাঠানো উত্তেজনা কমানো বা যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে আগে নতি স্বীকার করতে হবে তারপরই শান্তি নিয়ে আলোচনা সম্ভব।
মঙ্গলবার (১৭ মার্চ) এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, দায়িত্ব নেওয়ার পর প্রথম বৈদেশিক নীতি বিষয়ক বৈঠকেই খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে খুব কঠোর ও প্রতিশোধমূলক অবস্থান নিয়েছেন।
তিনি বলেছেন, অন্তত দুটি দেশ মধ্যস্থতাকারী হিসেবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে উত্তেজনা কমানো বা যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাব পৌঁছে দেয়। তবে সেই প্রস্তাবের বিস্তারিত বা সংশ্লিষ্ট দেশগুলোর নাম প্রকাশ করা হয়নি।
নতুন সর্বোচ্চ নেতা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে পরাজয় স্বীকার করে ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত শান্তির সময় আসেনি। ইসলামি প্রজাতন্ত্র ইরানে সর্বোচ্চ নেতাই রাষ্ট্রের সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের চূড়ান্ত ক্ষমতা রাখেন।
এক সপ্তাহেরও বেশি আগে ধর্মীয় পরিষদের মাধ্যমে তিনি তার বাবা আয়াতুল্লাহ আলী-খামেনির স্থলাভিষিক্ত হন। তবে দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত তার কোনো নতুন ছবি প্রকাশ করা হয়নি।









