ইসরাইলি সামরিক বাহিনী শনিবার (৪ এপ্রিল) জানায়, তারা সিরিয়া-লেবানন সীমান্তের প্রধান মাসনা ক্রসিংয়ের নিকটবর্তী এলাকায় হামলার পরিকল্পনা করেছে এবং স্থানীয়দের দ্রুত এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে। লেবাননের বিভিন্ন স্থানে তাদের অভিযান অব্যাহত রয়েছে।
গত ২ মার্চ হিজবুল্লাহ ইরানের পক্ষে মধ্যপ্রাচ্যের যুদ্ধে যোগ দেওয়ার পর থেকে ইসরাইল লেবাননজুড়ে হামলা জোরদার করে এবং দক্ষিণাঞ্চলে স্থল অভিযান শুরু করে। সেনাবাহিনীর আরবি ভাষার মুখপাত্র আভিচাই আদরাই বলেন, হিজবুল্লাহ সামরিক কাজে মাসনা ক্রসিং ব্যবহার ও অস্ত্র পাচার করায় এটিকে লক্ষ্যবস্তু করা হচ্ছে।
ইসরাইলি হুমকির পর ক্রসিংটি খালি করা হচ্ছে বলে একটি লেবানিজ নিরাপত্তা সূত্র জানিয়েছে। সিরিয়ার বর্ডারস অ্যান্ড কাস্টমস কর্তৃপক্ষের জনসংযোগ পরিচালক মাজেন আলুশ দাবি করেন, জদেইদেত ইয়াবুস নামে পরিচিত এই ক্রসিং কেবল বেসামরিক কাজে ব্যবহৃত হয়। যাত্রীদের নিরাপত্তার জন্য পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত যান চলাচল বন্ধ রাখা হয়েছে।
রোববার ভোরে ঘটনাস্থলে থাকা এক সাংবাদিক জানান, কয়েকজন প্রহরী ছাড়া পুরো এলাকা জনশূন্য। মাসনা ক্রসিংটি লেবানন-সিরিয়ার প্রধান বাণিজ্য পথ এবং লেবাননের জন্য গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার। এর আগে ২০২৪ সালের অক্টোবরে ইসরাইল এখানে হামলা চালায়; পরবর্তী যুদ্ধবিরতির পর মেরামত শেষ হলে ক্রসিংটি পুনরায় চালু হয়।









